জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প একনেকে অনুমোদন
টেকসই উন্নয়ন অভীষ্ট ও ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের জন্য মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করা হয়। প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী, মৌজা ও প্লটভিত্তিক দেশের সব ভূমিকে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং তৈরির এই প্রকল্পে ব্যয় হবে ৩৩৭ কোটি ৬০ লাখ টাকা।
গণভবন থেকে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। অন্যদিকে শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা।
সভা শেষে প্রকল্পের সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য জাকির হোসেন আকন্দ এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) শামীমা নার্গীস।
https://digibanglatech.news/special-report/35539/
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, গ্রাম অঞ্চলে অধিকাংশ স্থানে মারামারি ও ঝগড়ার মূল কারণ জমি। প্রকল্পটি বাস্তবায়িত হলে জমির সকল কাগজ ডিজিটাল হয়ে যাবে। জমির নম্বর দেখে বলা যাবে জমিটা বসতভিটা না কৃষি। আমাদের কৃষি জমি কমে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেখানে সেখানে শিল্পকারখানা নির্মাণ করা যাবে না। আমরা ইকোনোমিক জোন করে দিচ্ছি। ইকোনোমিক জোনেই শিল্পকারখানা নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব স্থানে শিল্পকারখানা নির্মাণের জন্য সব সুযোগ-সুবিধা দেওয়া হবে।